প্রিমিয়ার লিগের সিদ্ধান্তকে দুষলেন রুনি

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:১৭

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাস সংক্রমণের প্রতিক্রিয়াটা একটু দেরিতেই দেখিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কিছুটা দেরিতে আসা ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডার্বি কাউন্টি স্ট্রাইকার ওয়েইন রুনি। জানালেন, ফুটবলারদের গিনিপিগ হিসেবে গণ্য করে দেশটির ফুটবল নীতিনির্ধারকরা!

ইউরোপে করোনা ভাইরাস আক্রমণের একদম গোড়ার দিকেই বন্ধ হয়ে গিয়েছিল ইতালিয়ান সিরিআ। এরপর একে একে স্থগিত হয় ফরাসি লিগ, বুন্ডেসলিগা ও লা লিগা। তবুও মাঠভর্তি দর্শক নিয়েই চলছিল প্রিমিয়ার লিগ।

টনক নড়ে গত শুক্রবার রাতে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা করোনায় আক্রান্ত হলে জরুরি সভা ডেকে লিগ ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এর আগ পর্যন্ত লিগের খেলোয়াড়রা খেলেছেন করোনা সংক্রমণের শঙ্কাকে পাশ কাটিয়েই। তাতেই চটেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রুনি। 

সম্প্রতি দ্য টাইমসের এক কলামে রুনি লিখেন, ‘অবশেষে জরুরি সভা ডেকে সঠিক সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত ইংল্যান্ডের ফুটবলারদের গিনিপিগ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেই মনে হচ্ছিল।’

রুনি আরো জানান, কর্তৃপক্ষের লিগ চালু রাখার সিদ্ধান্তটা অমার্জনীয়ও বটে! সাবেক ম্যানইউ অধিনায়কের ভাষ্য, ‘আমি জানি আমি কেমন বোধ করছি। আমাকে অনিরাপদ সময়ে খেলতে হয়েছিল। যার ফলে আমার পরিবারের কেউ যদি আমার মাধ্যমে সংক্রমিত হতো এবং গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ত তাহলে হয়তো আর মাঠেও নামতাম না আমি। সেটা হলে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে কখনোই আমি ক্ষমা করতাম না।’