স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়ায় বিশ্বব্যাপী ক্রীড়াঙ্গন এখন স্থবির। থমকে আছে ইউরোপের পাঁচ শীর্ষ লিগসহ দেশগুলোর সব ফুটবল আয়োজন। এ অবস্থায় ইতালি কোচ রবার্তো মানচিনি জানালেন, ২০২১ পর্যন্ত ইউরোপীয়ান চ্যামিপয়নশীপ স্থগিত হয়ে গেলে তাতে খুব একটা আপত্তি নেই তার।
স্থানীয় টিভি রাই স্পোর্টসকে মানচিনি বলেছেন, ‘এবারের গ্রীষ্মে আমরা ইউরোপীয়ান চ্যামিপয়নশীপ জয়ের ব্যাপারে আশাবাদী। ২০২১ সালে হলে সেখানেও আমরাই জিতব। এখন উয়েফার সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। আমি সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত আছি। এই মুহূর্তে আমার কাছে জীবনের নিরাপত্তা সবার আগে প্রাধান্য পাবে।’
আজ মঙ্গলবার ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইউরো ২০২০সহ সব ঘরোয়া ও ইউরোপীয় আসরগুলো নিয়ে আলোচনায় বসবে। আগামী ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের ১২টি ভিন্ন শহরে এবারের ইউরো আয়োজনের কথা ছিল।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে ইতালিতেই। এরই মধ্যে ২৪ হাজার আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৮০৯ জনের। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে ৩ এপ্রিল পর্যন্ত সিরি’আ সহ সব ধরনের ক্রীড়া আয়োজন বন্ধ করে দিয়েছে ইতালিয়ান সরকার। খেলা চলবে কী করে, অবরুদ্ধ হয়ে আছে যে পুরো দেশই!
ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের সাবেক কোচ মানচিনি আরো বলেছেন, ‘আমাদের এখানে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে পরিস্থিতি খারাপ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, আগে থেকেই সতর্কতা অবলম্বন করি না। এখন শুধু অপেক্ষা কবে নাগাদ আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব, ফুটবল মাঠে যেতে পারব, স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে খেলতে পারব। আশা করছি দ্রুতই এর সমাধান খুঁজে পাব।’
ইউরো ২০২০ বাছাইপর্বে ইতালি ১০টি ম্যাচের সবকটিতেই জিতেছে। ২০১৮ বিশ্বকাপে খেলতে ব্যর্থ হবার পর মানচিনির অধীনে আবারও ঘুরে দাঁড়িয়েছে আজ্জুরিরা। ১৯৬৮ সালের পর দ্বিতীয় ইউরোপীয় শিরোপা জয়ের লক্ষ্যেই ইতালি মাঠে নামবে। -বাসস
