খেলাঘরকে হারাল শেখ জামাল
স্পোর্টস রিপোর্টার
মোহামেডান অনেক দিন ধরেই তারকাখচিত দল গঠন করে না। এবারও খুব নামের ভার নেই। তারপরও প্রতিপক্ষ শাইনপুকুরের দলে ছিল এক ঝাক যুব দলের খেলোয়াড়। ফলে এই ম্যাচে মোহামেডান ফেবারিট ছিল। কিন্তু সেই তানজিদ হাসান তামিম, তৌহিদ হূদয়দের কাছেই হেরে গেল মোহামেডান।
দিনের আরেক ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৫৫ রানে হারিয়েছে শেখ জামাল ক্রীড়াচক্র।
আগে ব্যাট করে মোহামেডান ৮ উইকেটে ২৫৭ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় শাইনপুকুর।
মোহামেডানকে ভালো একটা শুরু এনে দেন আব্দুল মজিদ ও অভিষেক মিত্র। দুই জনে উদ্বোধনী জুটিতে ৬১ রান করেন। ২৯ রান করে অভিষেক আউট হওয়ার পর ইরফান শুক্কুর এসে ৪৬ রানের ইনিংস খেলেন। আর মজিদ আউট হন ৪২ রান করে। মাহমুদুল এসে ৫৮ রানের ইনিংস খেলেন ৬৩ বলে। আর শেষদিকে শুভাগত হোম ২৫ বলে ৩১ রান করেন। জবাবে শুরু থেকেই নিখুঁত খেলতে থাকে শাইনপুকুর। যুব দলের হয়ে বিশ্বকাপ জিতে আসা ওপেনার তানজিদ ও সাব্বির হোসেন ৫৩ রানের উদ্বোধনী জুটি করেন। তানজিদ ৭৭ বলে ৫৯ রান করেন; ৩টি চার ও ২টি ছক্কা ছিল। সাব্বির ২৫ রান করে ফেরেন। এরপর রবিউল ও অধিনায়ক হূদয় তাদের জয়ের পথে নিয়ে যান। রবিউল ৫১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ৬টি চারে সাজিয়ে। আর হূদয় আস্তেধীরে ৭৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন। তাদের জয় নিশ্চিত করেন ৪৭ বলে ৪৯ রান করা মাহিদুল ইসলাম অংকন।
খেলাঘরের বিপক্ষে আগে ব্যাট করা শেখ জামাল ৯ উইকেটে করেছিল ২৭৬ রান। এই বিশাল রানের ভিত গড়ে দেন সৈকত আলী। তিনি ৭৯ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন। এরপর মিডলঅর্ডারে নাসির হোসেন ও অধিনায়ক নুরুল হাসান সোহান একটা ভালো জুটি করেন। নাসির ৫৭ বলে ৫৬ ও সোহান ৬৭ বলে ৫৮ রান করেন। জবাব দিতে নেমে কখনোই জয়ের স্রোতে থাকতে পারেনি খেলাঘর। তাদের হয়ে তিন নম্বরে নামা অধিনায়ক জহুরুল ইসলাম ৭৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন। আর কেউ বলার মতো কিছু করতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর :
মোহামেডান-শাইনপুকুর
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৫০ ওভারে ২৫৭/৮ (মাহমুদুল ৫৮, ইরফান ৬, মজিদ ৪২, শুভাগত ৩১, অভিষেক মিত্র ২৯; তানভির ২/৪৪, মোহর ২/৪৬)।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৯.৩ ওভারে ২৫৮/৫ (তানজিদ ৫৯, রবিউল ৫৪, হূদয় ৫০, অংকন ৪৯, সাব্বির ২৫)।
ফল : শাইনপুকুর ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : তানজিদ হাসান তামিম
শেখ জামাল-খেলাঘর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব : ৫০ ওভারে ২৭৬/৯ (সৈকত ৮৩, সোহান ৫৮, নাসির ৫৬, শুভ ২৫, জিয়াউর ২৪; ইরফান ৪/৪৩, খালেদ ২/৪৮)।
খেলাঘর সমাজকল্যাণ সমিতি : ৫০ ওভারে ২২১/৯ (জহুরুল ৫১, মাসুম ৩২, ইমতিয়াজ ২৯, সালমান ২৪; শুভ ২/২৬, ইলিয়াস সানি ২/৩৫, শাকিল ২/৩৬)।
ফল : শেখ জামাল ৫৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : সৈকত আলী।
