ঝিনাইদহে নিউমোনিয়া ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:২০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার বিভিন্ন গ্রাম ও শহরে নিউমোনিয়া, ব্রংকাইটস, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন রোগী ও তাদের স্বজনরা চিকিত্সা সেবা পেতে জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে ভিড় করছেন।

সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে দেখা গেছে, প্রতিটি ওয়ার্ড, বারান্দা ও করিডোরগুলোতে রোগীর ভিড়। পা ফেলারও জায়গা নেই। ঐ হাসপাতালের শিশুবিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন জানান, শিশু ওয়ার্ডে বেড আছে আটটি। রোগী ভর্তি আছেন ৮০ জন। রোগীর ভিড় সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। ওয়ার্ডের ভেতর মেঝে ও বারন্দায় রোগী রাখা হয়েছে। আর ডায়রিয়া ওয়ার্ডে বেড আছে ছয়টি। রোগী ভর্তি আছে ২০ জন। মেডিসিন ওয়ার্ডেরও একই অবস্থা।

গ্রাম থেকে আসা এক শিশুর মা আয়েশা বেগম বলেন, তার বাচ্চার জ্বর, কাশি হয়েছে। ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, তাদের গ্রামে আরো অনেক শিশু জ্বর, কাশিতে আক্রান্ত হয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলি বলেন, সদর হাসপাতালে বেড আছে ১০০টি। সেখানে প্রতিদিন গড়ে ৩৫০ রোগী ভর্তি থাকছে। তিনি আরো জানান, ঋতু পরিবর্তনের জন্য নানা রোগের প্রকোপ বেড়েছে। আউটডোরে প্রতিদিন ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ মানুষ চিকিত্সা পেতে সদর হাসপাতালে আসছেন। এদের মধ্য থেকে যাদের রোগ জটিল তাদের ভর্তি এবং বাকিদের ব্যবস্থাপত্র ও ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, শুধু সদর হাসপাতাল নয়, উপজেলা হাসপাতালগুলোতেও রোগী বেড়েছে। ঋতু পরিবর্তনের জন্য নানা ধরনের রোগব্যাধি হচ্ছে। এছাড়া সকালে ঠান্ডা ও দুপুরে গরম পড়ছে। এজন্য রোগ বাড়ছে।