মাদারীপুর প্রতিনিধি
সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে সোমবার কালাম হাওলাদার (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটকচর এলাকার টুকু মোল্লার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ জনকে আটক করেছে। নিহতের বড়োভাই মিজান হাওলাদার জানান, বিদেশে দেওয়ার কথা বলে টুকু মোল্লারা ২ লাখ টাকা নিয়েছিল। বারবার তারিখ করেও টুকু মোল্লা টাকা ফেরত দেয়নি। এই নিয়ে কয়েকদফা সালিশও বসে। রবিবার টাকা নিতে টুকু মোল্লার বাড়িতে ডেকে নিয়ে গেলে কালাম আর বাড়ি ফেরেনি। সকালে তার লাশ পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে। মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
