আতশবাজি দিয়ে মুজিববর্ষের কর্মসূচি উদ্বোধন আজ

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:৩৮

ইত্তেফাক রিপোর্ট

আজ রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হবে। রাষ্ট্রপতি তার ভাষণের পরপর আতশবাজির মাধ্যমে জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টিভি চ্যানেল, সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় একযোগে সম্প্রচার করা হবে। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা ভাষণসহ অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হবে। জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর পৃথক কর্মসূচি পালন করবে। এ সব মন্ত্রণালয় ও দপ্তর জনগণকে দেবে বিশেষ ধরনের সেবা। সরকার ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও নিজস্ব কর্মসূচির মাধ্যমে মুজিববর্ষ পালন করবে। বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোও ‘মুজিববর্ষ’ উদ্যাপন করবে।

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দুই ঘণ্টা টেলিভিশন অনুষ্ঠান হবে। যা পরে সারাদেশে এবং সারাবিশ্বে সম্প্রচার করা হবে। এ অনুষ্ঠানে আমাদের জাতীয় সংগীত ও প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণ থাকবে। বঙ্গবন্ধুর ছোটো কন্যা শেখ রেহানা সেখানে শুভেচ্ছা বক্তব্য দেবেন। পরে কবিতা পাঠের আয়োজন থাকবে। এ আয়োজনে শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত ও শিশুদের কণ্ঠে অন্য সংগীত পরিবেশনা থাকবে। ১০০ দেশীয় শিল্পীর যন্ত্রসংগীত পরিবেশনার পাশাপাশি মুজিববর্ষের জন্য থিম সং বা উত্সব সংগীত পরিবেশিত হবে অনুষ্ঠানে। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, অবদান ও ত্যাগের মহিমা নিয়ে ‘চিত্রপটের দৃশ্যকাব্যে বঙ্গবন্ধু’ নামে থিয়েট্রিক্যাল কোরিওগ্রাফির আয়োজন থাকবে।

মুজিববর্ষ উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে। এছাড়াও দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এতিম ও দুস্থদের মাঝে খাবার এবং ত্রাণ বিতরণ করা হবে। রাত ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে পদীপ প্রজ্বালন করবে কেন্দ্রীয় ১৪ দল। পরে সেখান থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে। মুজিববর্ষ পালনের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ সন্ধ্যায় ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহকে সমন্বিত করে ঢাকাসহ সারাদেশে আলোর মিছিল বের করবে।