বিদেশ থেকে এলেই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২১:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। পৃথিবীর বিভিন্ন দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লেও বাংলাদেশে নিয়ন্ত্রণে রয়েছে। তবে সবার সতর্ক থাকতে হবে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ কথা বলেন। বৈঠক সূত্র এ তথ্য জানিয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী          করোনা ভাইরাস নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ঘরে রাখতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া তারা যেন বাইরে না যায়। এ ব্যাপারে অভিভাবকদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসাবে বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো বাধ্যতামূলক ও ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ কিছু নির্দেশনা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তার অফিসে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। সভায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে সারাদেশে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা চালাতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

সভায় জানানো হয়, রংপুর বিভাগীয় কমিশনারকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, কেউ কোয়ারেন্টাইনে যাওয়ার নিয়মের লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এ প্রসঙ্গে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের নেওয়া ব্যবস্থার কথা উল্লেখ করেন। মানিকগঞ্জে সৌদিফেরত এক বাংলাদেশি কোয়ারেন্টাইনে না যাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, কেউ কোনো রোগীর মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রিসভা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ‘মুজিববর্ষ-২০২০’ উদ্যাপন উপলক্ষ্যে একাদশ জাতীয় সংসদের সপ্তম ও বিশেষ অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে। সংসদের বিশেষ অধিবেশন ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। ২২ মার্চ উদ্বোধনী পর্বে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।