কুড়িগ্রামে মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের ঘটনায় জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেজাউল করিমকে পদায়ন করা হয়েছে। এছাড়াও নির্যাতনকারী আরডিসি নাজিমউদ্দীন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের বিছানায় শুয়ে মানসিক যন্ত্রণায় সময় কাটছে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলামের। অজানা আতঙ্ক ভর করে আছে তাকে। তার পাশে থেকে স্ত্রী মোস্তারিন সরদার নিতু ও শিশুসন্তানসহ স্বজনরা তাকে দিচ্ছেন মানসিক শক্তি। তবে চিকিত্সকদের সার্বক্ষণিক তদারকি ও চিকিত্সায় তার শারীরিক উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিত্সকরা। ডা. রেদওয়ান ফেরদৌস সজিব জানান, আমরা তাকে সার্বক্ষণিক এবং সর্বোচ্চ চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছি। তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধপত্র দেওয়া হচ্ছে। তিনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। তবে তিনি মানসিকভাবে শক পেয়েছেন। আরিফুলের স্ত্রী নিতু জানান, আমার স্বামীর শারীরিক অবস্থা এখনো ভালো না। যারা আমার স্বামীকে এভাবে অমানবিক নির্যাতন করেছে তাদের শুধু প্রত্যাহার নয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিমউদ্দীনসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক ছানালাল বকসী, সাংবাদিক শ্যামল ভৌমিক, বিএমএসএফ জেলা শাখার সাধারণ সম্পাদক আলগীর হোসাইন, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহ্বায়ক দুলাল বোস, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ। সমাবেশে কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং আরডিসি নাজিমউদ্দীন, ম্যাজিস্ট্রেট রিন্টু চাকমাসহ যারা আরিফুলের নির্যাতনের সঙ্গে জড়িত তাদের শুধু বদলি বা প্রত্যাহার নয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বক্তারা।
