সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেস্টে মেতেছে ঢাকা কমার্সের শিক্ষার্থীরা

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৯:১৭

শিক্ষার্থীদের স্বতঃসফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকা কমার্স কলেজে অনুষ্ঠিত হলো প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২০। গত ১১-১২ মার্চ ঢাকা কমার্স কলেজ বিজ্ঞান ক্লাব ও আইটি ক্লাবের উদ্যোগে ‘দ্য ইটালিয়া প্রথম ডিসিসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেস্ট ২০২০’ অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে কলেজের সহস্রাধিক ছাত্র-ছাত্রী বিজ্ঞান ও আইটি অলিম্পিয়াডে অংশগ্রহণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আকর্ষণীয় প্রজেক্ট ও নান্দনিক ওয়ালপেপার উপস্থাপন করে। কলেজের প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ উত্সব উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। ১২ মার্চ ২০২০ পুরস্কার বিতরণ করেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। এ সময় প্রোগ্রামের প্রধান উপদেষ্টা ঢাকা কমার্স কলেজ বিজ্ঞান ক্লাব ও ঢাকা কমার্স কলেজ আইটি ক্লাবের প্রতিষ্ঠাতা মডারেটর এস এম আলী আজম সহ অনেকেই বক্তব্য রাখেন। উত্সব উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা এবং ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার লক্ষ্যে ক্যাম্পাসে বিজ্ঞান ব্যবহারিক ও বিজ্ঞান চলচ্চিত্র বাস প্রদর্শনী করে। প্রোগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ৩টি অধিবেশন হয়। বিজ্ঞান ও আইটি ফেস্টে ‘ইন্টারনেট অব থিংস (আইওটি)’ বিষয়ে রিসোর্স পারসন ছিলেন জিরোওয়ান’র সিইও ইঞ্জিনিয়ার নাজমুজ্জামান জমাদ্দার। ‘বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা’ বিষয়ে রিসোর্স পারসন ছিলেন উইনার বিডির সিইও মো. মিরাজ হোসেন। ইউথপ্রেনার নেটওয়ার্কের সংগঠক অর্গ চ্যাটার্জি জনি ‘মহাকাশ গবেষণা এবং বিজ্ঞান শিক্ষা’ বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ছবি, ভিডিও ও চলচ্চিত্র প্রদর্শিত হয়।