শান্ত-মারিয়ামের শত তরুণ শিল্পীর ক্যানভাসে

শত মুজিবের ছবি

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৯:১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ‘খোকা থেকে জাতির পিতা’ শিরোনামে শান্ত-মারিয়াম পরিবারের শত শিল্পীর শত ক্যানভাসে চিত্রপ্রদর্শনী এবং ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারির শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে মুজিববর্ষ উদযাপন শুরু করেছে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়।  গতকাল বিকেলে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ভবনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত এর আনুষ্ঠানিক উদ্ব্বোধন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এ অনুষ্ঠান। কেক কাটা ও প্লেক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় জনকের শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান। এই পর্বে জাতির জনকের জীবনীর ওপর বিশদ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে জনকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বছরব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে উত্তরায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ‘ক্রিয়েটিভ দ্যা আর্ট গ্যালারি’তে জনকের প্রতিকৃতির ওপর শত শিল্পীর একশত চিত্রাঙ্কন দিয়ে শুরু হচ্ছে মাসব্যাপী চিত্র কর্মশালা। শত চিত্রকর্মে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের শিক্ষার্থীদের পাশাপাশি শান্ত-মারিয়াম একাডেমির শিশুশিল্পীরাও অংশগ্রহণ করে। আর এভাবেই নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায় শুরু হয় শান্ত-মারিয়াম পরিবারের মুজিব শতবর্ষ অনুষ্ঠানের সূচনা পর্ব।