সময়টা প্রতিযোগিতার। প্রতিযোগিতাপূর্ণ এই সময়ে ভালো বিষয়ে ভালো একটি ডিগ্রি নিয়েও অনেকে মনের মতো কোনো প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছেন না। প্রতিবছরই আমাদের দেশে হাজার হাজার তরুণ উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করছেন। তাদের আধিক্যের কারণেই অনেককে নিজের প্রত্যাশার তুলনায় অনেক নিম্ন স্তরের চাকরিও করতে হয়। আবার অনেকেই রয়েছেন যারা এখন একটি চাকরি করছেন কিন্তু এর পাশাপাশি বাড়তি কিছু উপার্জন করতে চান। আবার আমাদের দেশে বিশেষ করে মেয়েরা অনেকেই চাকরির জন্য প্রয়োজনীয় সমর্থন লাভ করেন না পরিবার থেকে। এসব ক্ষেত্রে হাল ছেড়ে না দিয়ে বিকল্প উপায় তো খুঁজে বের করতেই হবে।
কম্পিউটার আর ইন্টারনেট এসব সমস্যায় যারা রয়েছেন, তাদের জন্য সুবিধাই করে দিয়েছে। ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে এখন ঘরে বসেও উপার্জন করা যায় বৈদেশিক মুদ্রা। অনলাইনে এমন প্রচুর কাজই রয়েছে যেগুলোর দক্ষতা হয়ত আপনার রয়েছে আগে থেকেই। সেই দক্ষতাকে কাজে লাগিয়েই উপার্জনের রাস্তাটি বের করে নিতে পারেন নিজেই। তবে একটি বিষয় কিন্তু মনে রাখতে হবে, কোনো কাজের দক্ষতা না থাকলে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জন করা সম্ভব নয়। কিছু কিছু প্রতিষ্ঠান ক্লিক করে উপার্জন বা এ ধরনের পরিশ্রম ছাড়াই উপার্জনের কথা বলা হয়ে থাকে; তবে সেগুলো কোনোভাবেই নির্ভরযোগ্য নয়।
পাঠ্যপুস্তক উন্নয়ন
বিভিন্ন শ্রেণির জন্য পাঠ্যপুস্তক লেখার ক্ষেত্রে এসব পাঠ্যপুস্তকের কনটেন্ট উন্নয়নের জন্য প্রকাশকরা সবমসয় সচেষ্ট থাকেন। এই কাজের জন্য আপনাকে যেমন শিক্ষিত হতে হবে, তেমনি পাঠ্যপুস্তক উন্নয়ন বিষয়েও স্পষ্ট ধারণা ও দক্ষতা থাকতে হবে।
অনলাইনে ক্লাস পরিচালনা
এখন অনেক প্রতিষ্ঠানই অনলাইনে শিক্ষাদান করে থাকে। এসব ক্লাস পরিচালনার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ঘরে বসেই অনলাইনে ভিডিও কনফারেন্সিং, ইমেইল, ফোন প্রভৃতির মাধ্যমে ক্লাস পরিচালনা করার সুযোগ থাকে।
লেখালেখি
যাদের নির্দিষ্ট কোনো বিষয়ে লেখালেখির অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে, তাদের জন্য উপযোগী কাজ রয়েছে অনলাইনে। সাধারণত বিভিন্ন ওয়েবসাইটের জন্য কনটেন্ট তৈরি ও সম্পাদনার কাজ অন্তর্ভুক্ত থাকে এতে। অনেক সময় নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদন তৈরি করতে হয়, তৈরি করতে হয় তথ্যবহুল ও বিশ্লেষণী নিবন্ধ। লেখালেখির অভ্যাস থাকলে এটি একটি আদর্শ কাজ।
অনলাইন/হোম অ্যাটর্নি
আইন চর্চায় অভিজ্ঞরা অনলাইনেই আইনি সহায়তা প্রদান করতে পারেন। উচ্চপর্যায়ের আইনি প্রকল্পে কাজ করার জন্য অনেকেই অ্যাটর্নি নিয়োগ দেন অনলাইনে। যাবতীয় পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদান করাই এই অনলাইন অ্যাটর্নির মূল কাজ।
ওয়েব সার্চ ইভ্যালুয়েটর
ইন্টারনেটের বিভিন্ন সার্চ রেজাল্টোর বিশ্লেষণ থেকে ওয়েব কোম্পানির ফলাফল বিশ্লেষণ করার কাজটি অনেক কোম্পানিই অনলাইনে করিয়ে নিয়ে থাকে। এসব কাজের জন্য অবশ্যই প্রয়োজন প্রযুক্তির জ্ঞান এবং ইন্টারনেট বিষয়ক যাবতীয় খুঁটিনাটি। সাথে সাথে কোম্পানির পণ্য বা সেবা সম্পর্কেও জ্ঞান থাকতে হবে।
নার্সদের ব্যবস্থাপনা
আমাদের দেশে এটি তেমন চালু না থাকলেও উন্নত দেশগুলোতে নার্সদের সমন্বয় করার জন্য নার্সিং কেস ম্যানেজার থাকে। ইনস্যুরেন্স ও নার্সিং প্রতিষ্ঠানগুলো এই নিয়োগ দিয়ে থাকে।
ভ্রমণের পরামর্শদাতা
বিভিন্ন ট্রাভেল ও হসপিটালিটি কোম্পানি তাদের গ্রাহকদের জন্য পরামর্শদাতা বা কাউন্সিলর নিয়োগ দিয়ে থাকে। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ভ্রমণ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করতে হয় এই কাজে। অনলাইনে টিকেট বুকিং, হোটেল বুকিং, ট্যুরিস্ট স্পস্ট প্রভৃতির নির্দেশনা এর মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে থাকে।
