করোনা ভাইরাস আতঙ্ক
স্পোর্টস রিপোর্টার
ফুটবল, ক্রিকেটসহ দুনিয়ার প্রায় সব খেলা আগেই বন্ধ হয়ে গিয়েছিল। বড়ো আয়োজনগুলোর মধ্যে কাটছাঁট করে শেষ পর্যন্ত টিকে ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আজই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টের ফাইনাল। কিন্তু গতকাল দুই সেমিফাইনালের আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, স্থগিত করা হলো পিএসএলও।
পাকিস্তানে দুনিয়ার প্রায় সব দেশের মতোই প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকাল পিএসএলের একজন বিদেশি খেলোয়াড়ের এই ভাইরাসে সংক্রমিত হওয়ার মতো লক্ষণ দেখা গেছে। এই কারণেই দ্রুত টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এই বিদেশি খেলোয়াড়ের পরিচয় না উল্লেখ করে বলেছেন, ‘আমাদের একজন বিদেশি খেলোয়াড়কে সন্দেহ করা হচ্ছে (আক্রান্ত বলে)। যাই হোক, আমরা এই খেলোয়াড়ের পরিচয় প্রকাশ করতে পারি না। তবে এটা সত্যি যে, একটা সন্দেহজনক ঘটনা আছে। আর সে খেলোয়াড় ইতিমধ্যে পাকিস্তান ছেড়ে গেছে।’
গতকাল মাঠে গড়ানোর কথা ছিল দুটি সেমিফাইনাল। মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি এবং করাচি কিংস ও লাহোর কালান্দার্সের এই ম্যাচ দুটি খেলার কথা ছিল। আর ফাইনাল আজকে আনা হয়েছিল।
ওয়াসিম খান বলেছেন, তারা সরকারের সঙ্গে প্রতি সময়ে যোগাযোগ রাখছিলেন। তাদের সম্মতিতেই এই আসর বন্ধ করা হয়েছে, ‘আমরা দায়িত্ব নিয়েই কাজটা করেছি। আমরা সরকারের সঙ্গে আলাপ করছিলাম এবং প্রতি মিনিটে তাদের পরামর্শ গ্রহণ করছিলাম। আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম ফাঁকা মাঠে খেলা হবে। এরপর খেলোয়াড়দের চলে যাওয়ার স্বাধীনতা দিয়েছি। এরপর আমরা খেলার দিন কমিয়ে এনেছি। শেষ পর্যন্ত আমাদের বৃহত্তর ভালোর জন্য টুর্নামেন্টটা বন্ধ করে দিতে হলো।’
সর্বশেষ টুর্নামেন্টে টিকে থাকা চারটি দলের মালিকরাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, এটাই উচিত কাজ হয়েছে। করানি কিংসের মালিক সালমান ইকবাল বলেছেন, ‘আমি গত দুই দিন ধরে বলছিলাম যে, এটা স্থগিত করা হোক। কারণ এটাই একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট, যেটা চলছিল। যাই হোক, এটা বন্ধ করে দেওয়া পিসিবি ম্যানেজমেন্ট ও দল মালিকদের জন্য ভালো সিদ্ধান্ত।’
লাহোর কালান্দার্সের সামিন রানা বলেছেন, তারা পিসিবির এই সিদ্ধান্তকে সম্মান করেন। তিনি বলছিলেন, ‘আমরা পিসিবির সিদ্ধান্ত সম্মান করি। খেলোয়াড়, কর্মকর্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারটা সবার আগে। এটা বন্ধ হয়ে যাওয়া দুর্ভাগ্যজনক। কিন্তু এখন যে অবস্থা, তাতে আমরা যুক্তিটা বুঝতে পারছি।’
মুলতান সুলতানসের আলমগীর তারিক ক্রিকইনফোকে বলেছেন, তারাও এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন। তিনি বলছিলেন, ‘এটা পিএসএল এবং আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এটা পরিষ্কার যে, বাকি খেলাগুলো স্থগিত করে দেওয়ার জন্য এটাই সঠিক সময়। যেখানে স্বাস্থ্য নিয়ে ঝুঁকি আছে, সেখানে আর কিছুই গুরুত্ব পেতে পারে না।’
