এক বছর পেছাল ইউরো-কোপা

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২১:৩৫

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপে গোটা বিশ্বের ক্রীড়াঙ্গন যখন থমকে আছে, তখন আরো দুটো দুঃসংবাদ এলো। চলতি বছরের ইউরো ফুটবলের আসর এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এখানেই শেষ নয়, এক বছরের জন্য পিছিয়ে গেছে কোপা আমেরিকাও।

আসছে ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত সময়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের ১২টি ভেন্যুতে ইউরো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, ১২ দেশের এই আসরটি পিছিয়ে ২০২১ সালে নেওয়া হয়েছে।

তবে, করোনা ভাইরাসে বিপর্যস্ত এখন পুরো ইউরোপ। ইতালির পর করোনায় কাঁপছে স্পেন। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপের এমন কোনো দেশ বাকি নেই, যেখানে করোনা আক্রান্ত হচ্ছে না।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা গতকাল মঙ্গলবার জরুরি ভিডিও কনফারেন্স সভায় বসেছিল। অংশ নেয় বেশির ভাগ সদস্য দেশগুলো। আর সেখানেই ইউরো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচিও চূড়ান্ত করা হয়েছে।

নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘উয়েফা আগামী ২০২১ সাল পর্যন্ত ইউরো ফুটবলের আসর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ১১ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে এই আসর মাঠে গড়াবে।’ এদিকে মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী ইংল্যান্ডে এই আসর হবে আগামী বছরের ৭ জুলাই থেকে ১ আগস্ট—এই সময়ে।

করোনা ভাইরাসের প্রভাবে আগে থেকেই দক্ষিণ আমেরিকার সব ধরনের ফুটবল লিগ বন্ধ হয়েছিল। এবার এর ‘কোপ’ পড়ল এই অঞ্চলের সবচেয়ে জমজমাট আসর কোপা আমেরিকার ওপরও। একবছরের জন্য এই আসর স্থগিত করা হয়েছে।