ফুটবলার লিমাকে নিয়ে শঙ্কা

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২১:৩৬

স্পোর্টস রিপোর্টার

উত্তর বারিধারার ব্রাজিলীয় খেলোয়াড় লিওনার্দো ভিয়েরা লিমাকে নিয়ে দেশের ফুটবলাঙ্গনে শঙ্কা দেখা দিয়েছে। আগেই রেজিস্ট্রেশন করা এই খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগে পঞ্চম রাউন্ড শেষে থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে ১৪ মার্চ মোহামেডানের বিরুদ্ধে খেলেন; কিন্তু আনফিট মনে হওয়ায় তাকে ৩০ মিনিট পর তুলে নেওয়া হয়। থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসা যাত্রীদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ আছে বাংলাদেশ সরকারের; কিন্তু লিমা এরমধ্যেই খেলতে নেমে যান। জানা গেছে—এখন উত্তর বারিধারা তাকে আলাদা রুমে রেখেছে। আলাদা খাবারদাবারের ব্যবস্থা করেছে। আবার গত সোমবার তিনি ক্লাবের সঙ্গে অনুশীলনও করেছেন। সব মিলিয়ে ফুটবল পাড়ায় বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তিও তৈরি হয়েছে।