ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রোমেলো লুকাকু’র প্রতি নজর পড়েছে ইতালীয় জায়ান্ট জুভেন্টাসের। ২০১৭ সালে এভারটনে থেকে ৯০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন এই বেলজিয়ান তারকা। তবে ওল্ড ট্রাফোর্ডে খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি।
চলতি মৌসুমে দলের হয়ে ২২টি ম্যাচে অংশ নিয়ে মাত্র ছয়টি গোল করেছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। ইউনাইটেডের হয়ে এমন বাজে পারফর্মেন্সের কারণে দারুণ সমালোচনার মুখে রয়েছেন তিনি।
এদিকে ইতালীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সিরি এ চ্যাম্পিয়ন জুভেন্টাস তাদের ক্রোয়েশীয় স্ট্রাইকার মারিও মানজুকিচের একজন পরিপূরক খুঁজছে। আর সেই পরিপূরক হতে পারেন লুকাকু।
-বাসস
