বরিশাল অফিস
সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগের ৯০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, কোয়ারেন্টাইনে থাকা ৯০ জনের সবাই প্রবাসী। স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা তাদের পর্যবেক্ষণ করছেন। বরিশাল বিভাগের ছয় জেলার হিসাব অনুযায়ী, বরিশালে ২৬, ভোলায় ৬, পিরোজপুরে ১৯, পটুয়াখালীতে ২১, বরগুনায় ৮ ও ঝালকাঠিতে ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রংপুরের বিভাগে হোম কোয়ারেন্টাইনে ৩২ জন
রংপুরের স্টাফ রিপোর্টার জানান, গত সাত দিনে বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরত ব্যক্তিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে অবস্থান নিয়েছেন বিদেশফেরত নয় জন। এর মধ্যে রংপুর জেলার চার জন।
মাদারগঞ্জে আট জন হোম কোয়ারেন্টাইনে
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, উপজেলায় আট জন প্রবাসফেরত ব্যক্তিকে করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আক্কেলপুরে এক জন হোম কোয়ারেন্টাইনে
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা জানান, ওমানফেরত এক ব্যক্তিকে (৪০) সোমবার রাত থেকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। বিষয়টি সোমবার রাত সাড়ে ৮টায় নিশ্চিত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা।
জয়পুরহাটে নতুন ১১ জন হোম কোয়ারেন্টাইনে
জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার পাঁচ উপজেলায় ইতালিসহ অন্যান্য দেশ থেকে ফেরত আসা আগের ১৪ জনের পরে নতুন করে আরো ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
বকশীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে সাত জন
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, এ উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সাত জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই সম্প্রতি বিদেশ থেকে এসেছেন।
মাদারীপুরে ১২৯ জন হোম কোয়ারেন্টাইনে
মাদারীপুর প্রতিনিধি জানান, জেলায় করোনা ভাইরাস সন্দেহে ১২৯ জন হোম কোয়ারেন্টাইনে আছে।
বামনায় আট জন হোম কোয়ারাইন্টাইনে
বামনা (বরগুনা) সংবাদদাতা জানান, উপজেলায় গত দুই দিনে বিদেশফেরত আট জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ঈশ্বরগঞ্জে হোম কোয়ারেন্টাইনে তিন জন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, বিদেশ ফেরত তিন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান।
মিরসরাইয়ে পাঁচ জন হোম কোয়ারেন্টাইনে
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে ইতালিফেরত পাঁচ ব্যক্তিকে হোম-কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সুজানগরে একই পরিবারেব ১৪ জন হোম কোয়ারেন্টাইনে
সুজানগর (পাবনা) সংবাদদাতা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনার সুজানগরের এক মালয়েশিয়া প্রবাসীকে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার পরিবারের ১৪ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রাজবাড়ীতে ৩১ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে
রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলার পাঁচটি উপজেলায় বিদেশফেরত ৩১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আদমদীঘিতে ১৫ জন হোম কোয়ারেন্টাইনে
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলার সান্তাহার পৌরসভা শহরসহ উপজেলায় প্রবাসফেরত ১৫ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
খুলনায় ১৭ জন হোম কোয়ারেন্টাইনে
খুলনা অফিস জানায়, বিদেশফেরত ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রবাসীদের মধ্যে দাকোপ উপজেলায় সাত জন, তেরখাদায় তিন, দীঘলিয়ায় দুই ও খুলনা সদরে তিন জন রয়েছেন। এছাড়া ডুমুরিয়া উপজেলায় স্থানীয় দুই জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য জানান।
