বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনের ঘটনায় বদলগাছী প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, প্রেসক্লাব বদলগাছীর সহসভাপতি মো. ফজলে মওলা, সাধারণ সম্পাদক হাফিজার রহমান (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব শিপলু প্রমুখ।
জীবননগরে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা, হামলা ও হয়রানির প্রতিবাদে জীবননগরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জীবননগর প্রেসক্লাবের আয়োজনে শহরের বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জীবননগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম কামাল উদ্দিনে জোয়াদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক রিগ্যানের ওপর হামলা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
