রাঙ্গামাটি প্রতিনিধি
বেলা ১১টা। রাঙ্গামাটি শহরের ব্যস্ততম এলাকা রিজার্ভ বাজার। টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়। রোজকার মতো কোনো হইচই নেই, বরং হাসিমুখে মোটরশ্রমিকেরাই যাত্রীদের সহায়তা করছেন। লাইনে দাঁড়িয়ে যাত্রীরাও দূরপাল্লার বাসের টিকিট সংগ্রহ করছেন, কিন্তু টিকিটের জন্য কোনো টাকা দিতে হচ্ছে না তাদের।
পাহাড়িকা বাস সার্ভিসের লাইনম্যান বখতেয়ার চৌধুরী বলেন, ‘আমরা রুটিন মাফিক টিকিট দিচ্ছি; তবে সেখানে ‘ফ্রি বাস সার্ভিস’ লেখা সিল মেরে দিচ্ছি। কোনো টাকা নেওয়া হচ্ছে না। দিনব্যাপী বিনা ভাড়ায় বাস সার্ভিস পেয়ে খুশি যাত্রীরাও। চট্টগ্রামের যাত্রী শাহজাহান বলেন, ফ্রি বাস সার্ভিস দেওয়ার বিষয়টি সত্যিই দারুণ।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রাঙ্গামাটি থেকে ছয়টি রুটে ৮৪টি বাস বিনা ভাড়ায় যাত্রীসেবায় নিয়োজিত রাখা হয়। এর মধ্যে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে ৩১টি ‘পাহাড়িকা’, ৩০টি ‘দ্রুতযান’, রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি সড়কে ১২টি, রাজস্থলী সড়কে ৭টি, বান্দরবান সড়কে ২টি ও নানিয়ারচর সড়কে ২টি বাস দেওয়া হয়েছে। একইভাবে বিপরীত দিক থেকেও বিনা ভাড়ায় যাত্রীসেবা দেওয়া হয়।
বেলা ১১টায় রাঙ্গামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এই বিশেষ বাস সার্ভিস উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির রাঙ্গামাটির সভাপতি শহীদুজ্জামান রোমানসহ সংগঠনটির নেতারা।
চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির রাঙ্গামাটির সভাপতি শহীদুজ্জামান রোমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই জন্মশতবার্ষিকীতে ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়েছে।
