আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে যাবে ১৪ দল। গতকাল মঙ্গলবার রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। পরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে জোটের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বালন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ শুধু ভোটের রাজনীতি করে না। জনগণের যে কোনো দুর্যোগ-বিপদে আওয়ামী লীগ সব সময় পাশে থাকে। বাংলাদেশের যেখানেই কোনো দুর্যোগ নেমে আসে, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুটে গিয়ে জনতার পাশে দাঁড়ায়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো এমন এক জন নেত্রী পেয়েছি বলেই আজ আমরা করোনাকে প্রতিরোধ করতে পারছি। তিনি আমাদের সাহস জোগাচ্ছেন এবং করোনা নিয়ে প্রতিটি ক্ষণে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে সহযোগিতা করছেন।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের মানবতার নেতা বঙ্গবন্ধু। জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন, ইতিহাসকে কেউ নির্বাসনে পাঠাতে পারে না। বঙ্গবন্ধু মহান রাজনীতিবিদ ছিলেন। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু অনেক জেল-জুলুম ও অত্যাচার সহ্য করেছেন। কিন্তু নীতির প্রশ্নে কখনো আপস করেননি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
এর আগে বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অসহায়, এতিম, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য, বস্ত্র ও করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি।
