দেশে আরো দুই জন করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:৪২

দেশে আরো দুই জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; যাদের একজন হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন, অন্যজন বিদেশফেরত একজনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়ে বলেন, এ নিয়ে বাংলাদেশে মোট ১০ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল, যাদের মধ্যে প্রথম দফায় আক্রান্ত তিন জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন; হাসপাতালে ভর্তি আছেন সাত জন।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতা হিসেবে তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। আইইডিসিআরের পরিচালক বলেন, বিদেশি ক্রেতারা এলে তাদের মাধ্যমেও সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যায়। গার্মেন্টসগুলোয় যখন কর্মীরা প্রবেশ করে তখন তাদের যেন পরীক্ষা করা হয়। এ অবস্থায় তাদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট আছে কি না, তা পরীক্ষা করা দরকার। যদি এ ধরনের উপসর্গ থাকে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এসব উপসর্গ থাকা শ্রমিকদের সবেতন ছুটি মঞ্জুর করতে কারখানার মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি। 

১৬ জন আইসোলেশনে :এ মুহূর্তে দেশে ১৬ জন আইসোলেশনে আছেন এবং ৪৩ জন সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে আছেন বলে জানান ডা. ফ্লোরা। তিনি বলেন, এখন পর্যন্ত রোগটি কমিউনিটি পর্যায়ে ছড়ায়নি। কিন্তু বিদেশে থেকে এসেছেন বা আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে সংক্রমণ দেখা যাচ্ছে। কারো মধ্যে  কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দিলে সরাসরি কোনো হাসপাতালে না গিয়ে আইইডিসিআরের হটলাইনে (০১৯৪৪৩৩৩২২২) ফোন করার পরামর্শ দেওয়া হয় ব্রিফিংয়ে।

দুই বিদেশিকে ফেরত :করোনা ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ায় ঢাকার শাহজালাল            বিমানবন্দরেও থার্মাল স্ক্যানারের মধ্য দিয়ে যেতে হচ্ছে যাত্রীদের। গতকাল সংক্রমণ এড়ানোর পদক্ষেপে দুই বিদেশিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি; বিমানবন্দর থেকেই তাদের ফেরত পাঠানো হয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ-উল-আহসান জানান,  মঙ্গলবার প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্টের দুই নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। প্রসঙ্গত, বাংলাদেশ সব ধরনের অন এরাইভাল ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে।

ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন :স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাস মোকাবিলায় জাতীয় পর্যায় থেকে ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশে সম্মিলিত প্রচেষ্টায় কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে রাখা যাবে বলে তিনি আশাবাদী। মঙ্গলবার ঢাকা শিশু হাসপাতালে শিশুদের টাইপ-১ ডায়াবেটিক সেবা কর্নার উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই আশাবাদ প্রকাশ করেন।

হাসপাতাল থেকে পালাল রোগী

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহভাজন এক রোগী ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। তার বাড়ি নোয়াখালী। গত ১৮ জানুয়ারি বাহরাইন থেকে দেশে ফেরেন ৪০ বছর বয়সি ঐ ব্যক্তি। সম্প্রতি তিনি নিউমোনিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার লক্ষণ থাকায় তাকে পরীক্ষা করা হবে শুনে ভয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে যান ঐ রোগী। এদিকে বিদেশ থেকে আসায় করোনা ভাইরাস প্রতিরোধে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।