চট্টগ্রামে গভীর শ্রদ্ধার সঙ্গে দিনভর নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, কোনো অপশক্তি বাঙালির হূদয় থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না। বাঙালি হূদয়ে তিনি চির অম্লান। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা করে। এই উপলক্ষ্যে সব ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির জনকের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। সড়ক ও নগরীকে আলোকসজ্জা, বঙ্গবন্ধুর বাণী সংবলিত ব্যানার ফেস্টুন দ্বারা বর্ণাঢ্য সাজে সাজানো হয়।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। বক্তব্য দেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান প্রমুখ।
আন্দরকিল্লার বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিডিএর চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল—৯টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, সশস্ত্র সালাম নিবেদন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বেলুন উড়িয়ে ও কেক কেটে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন এবং বৃক্ষরোপণ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দিনভর নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করে।
