চট্টগ্রাম সিটি নির্বাচন

নৌকার জয় হলে শেখ হাসিনার উন্নয়নের বিজয় হবে :রেজাউল

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:৪৩

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ৪১টি ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। নগরীর বিভিন্ন স্থান ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। আন্দরকিল্লার ছাপাখানাগুলো দিন-রাত ব্যস্ত হ্যান্ডবিল ও লিফলেট ছাপানোর কাজে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে মুখর নেতা-কর্মী-সমর্থকেরা। হ্যান্ডমাইক ও বড়ো মাইকে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন সতর্কতার সঙ্গে। নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণে নগর জুড়ে তীক্ষ দৃষ্টি রাখছেন নির্বাচন কমিশন নিয়োজিত ম্যাজিস্ট্রেটগণ। তবে করোনা ভাইরাস সতর্কতার কারণে নির্বাচন নিয়ে পাড়ায়-মহল্লায় চায়ের দোকানে চিরাচরিত আড্ডা ও জল্পনা-কল্পনার চিত্রে অনেকটা ভাটা পরিলক্ষিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার মুজিব জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদ্যাপনের ব্যাপক ব্যস্ততার ফাঁকেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী নগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর, ৮ নম্বর শুলকবহর ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী মোরশেদ আলম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম প্রমুখ। এ সময় এলাকাবাসীর উদ্দেশে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, নৌকার বিজয় মানে চট্টগ্রামবাসীর বিজয়। নৌকার বিজয় মানে শেখ হাসিনার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিজয়। আওয়ামী লীগ জনবান্ধব সংগঠন। জনগণ তাদের উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করবে বলে তিনি গভীর আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন গতকাল সারা দিন নির্বাচনি প্রচারণাসহ নির্বাচনের বিভিন্ন কৌশলগত কর্মকাণ্ডে ব্যস্ততম সময় অতিবাহিত করেন। তিনি বেলা ১১টায় নগর বিএনপির কার্যালয়ে তার সমর্থকদের সার্বক্ষণিক বক্তব্য প্রদানের জন্য একটি লাইভ কর্নার উদ্বোধন করেন। এছাড়া তিনি নগরীর জামালখান, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীসমর্থকদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালান। তিনি জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে তাদের ভোট প্রদানের জন্য আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রামে ধানের শীষের পক্ষে গণজোয়ার জেগেছে। এই গণজোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভীত। ষড়যন্ত্র-চক্রান্ত না হলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। এছাড়া সন্ধ্যায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে আইনজীবী, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির নগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ডা. শাহাদাত নির্বাচন নিয়ে দফায় দফায় বৈঠক করেন।