জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, বঙ্গবন্ধু সংগ্রাম করে দেশ স্বাধীন করেছেন বলে আজ জাতি ভাগ্য পরিবর্তনের স্বাদ পেয়েছে। তিনি জেল-জুলুম সহ্য করে বাঙালির জন্য সংগ্রাম করেছেন। তার সুফল হিসেবে ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানীসহ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা আমাদের অর্থবহ করে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার রাতে ভাণ্ডারিয়ায় তার বাসভবনে এক দোয়া মাহফিলে জেপির চেয়ারম্যান আরো বলেন, বঙ্গবন্ধু ১৪ বছর জেল খেটেছেন। মানুষের জন্য তিনি আত্মাহুতি দিয়েছেন। আজ তার জন্মশতবার্ষিকীতে আমাদের সবার দোয়া করা উচিত, আল্লাহ যাতে তাকে জান্নাতের বিশেষ স্থানে রাখেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার ও জেপির উপজেলা সদস্যসচিব সিদ্দিকুর রহমান টুলু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ফারুক হোসেন।
এই অনুষ্ঠানে জাতীয় পার্টি-জেপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন। এদের মধ্যে ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, স্থানীয় প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ভাণ্ডারিয়া থানার ওসি মাসুদুর রহমান, কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম, ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান প্রমুখ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেপির যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা জেপির সভানেত্রী আসমা আক্তার, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্যসচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন, জেপি নেতা ইউসুফ আলী আকন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, কাউখালীর ইউপি চেয়ারম্যানদের মধ্যে সদরের আমিনুর রশীদ মিল্টন, শিয়ালকাঠির সিকদার মো. দেলোয়ার, চিড়াপাড়া-পারসাতুরিয়ার মাহমুদ খান খোকন, আমড়াজুড়ির শেখ মো. শামসুদ্দোহা, সয়না-রঘুনাথপুরের এলিজা সাইদ প্রমুখ।
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল মঙ্গলবার ভাণ্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বঙ্গবন্ধুর জন্মদিনের প্রথম প্রহর ১২.০১ মিনিটে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে তিনি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচি পালন করা হয়। আনোয়ার হোসেন মঞ্জু এমপি এই কেক কাটেন। এরপর বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার প্রমুখ।
