বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্রকারীরা রাজনীতিতে টিকে থাকবে না :কাদের

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:৪৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে, তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরের পরে যারা জাতির পিতার নাম মুছে ফেলতে চেয়েছিল রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের নাম একদিন মুছে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আরো এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এসে আমরা নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা বাস্তবায়ন করবই। দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলে মুজিববর্ষে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।