তাড়াশে কলেজের নির্মাণাধীন গেট ধসে চার জন নিহত

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:৪৫

সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার শহিদ এম মনছুর আলী কলেজের নির্মাণাধীন গেট ধসে পড়ে চার জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  আহত হয়েছে দুই জন। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের মৃত জাহের উল্লাহর ছেলে তোজাম (৬৫), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের মৃত সুলতান ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৬), সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪) ও  শাহজাদপুর উপজেলার বাসিন্দা গরুর ব্যাপারী খাদেম আলী (৫০)। আহত দুই জন হচ্ছে—তালম ইউনিয়নের তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩) ও লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩১)।   

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন কলেজ মাঠে গরু ছাগলের হাট বসে। দুর্ঘটনার শিকার ঐ চার জন হাটে ঘোরাফেরা করছিলেন। এমন সময় কলেজের গেট ধসে তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হন। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের চিকিত্সা চলছে। তাড়াশ ইউএনও ইফফাত জাহান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।