চট্টগ্রাম সিটি ও পাঁচ উপনির্বাচনে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত :সিইসি

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:৪৬

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বাংলাদেশে কতখানি আক্রান্ত করবে, তা বিশ্লেষণ করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও পাঁচটি আসনের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, ‘এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নেইনি। করোনা ভাইরাস কতখানি প্রভাব ফেলবে, সেটা আমরা বিশ্লেষণ করতে চাচ্ছি। তবুও আমরা আরো এক-দুই দিন দেখব। তখন সবগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ গতকাল মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের কেক কেটে নির্বাচন ভবন থেকে যাওয়ার পথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপনির্বাচন হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হবে ২৯ মার্চ। ঐ দিন যশোর-৬ এবং বগুড়া-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে জনসমাগম হয় এমন প্রায় সব অনুষ্ঠান স্থগিত করা হলেও ভোটের মাত্র কয়েক দিন বাকি থাকায় ঢাকার উপনির্বাচন করে       ফেলতে চায় নির্বাচন কমিশন। তবে পরিস্থিতি খারাপ হলে ভিন্ন চিন্তাও সিইসি রাখছেন।

এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, ‘২১ মার্চের নির্বাচন করার চিন্তা আছে এখনো। যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অবশ্যই আমরা বিবেচনা করব।’ ভোটের প্রচারে সতর্কতার কথা তুলে ধরে সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতি তো শেষের দিকে। প্রার্থীরা বলেছেন, তারা সাবধানে নির্বাচনি প্রচারণা করছেন। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায়। তাদের অনুরোধও আছে। আমরা বলেছি, তারা যেন জনসমাগমের বিষয়টা এড়িয়ে চলেন। যেন বিকল্পভাবে তারা ভোটারদের কাছে ভোট চান জনসমাগম না করে। ২৯ মার্চের চট্টগ্রাম সিটি ভোটের বিষয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি আরেকটু দেখি। আমরা আরো দুয়েক দিন দেখে তখন সবগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ এর আগে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ১০০ বছর আগে বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমাদের পরিচিতি থাকত না। সেই মহান ব্যক্তির জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সমবেত হতে পারায় গৌরবান্বিত বোধ করছি।