যথাযোগ্য মর্যাদায় দিনভর নানা আয়োজনে বরিশালে পালিত হচ্ছে মুজিব জন্মশতবার্ষিকী। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯টায় নগরীর সদর রো?ডের সোহেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে গত সোমবার রাত ১২টা ১ মিনিটে নগর ভবন চত্বরে কাউন্ট ডাউন (০০-০০-০০) শেষে মুজিববর্ষ উপলক্ষ্যে আতশবাজি উত্সবের আয়োজন করে সিটি করপোরেশন। এদিকে মুজিববর্ষ উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
