দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে মুজিববর্ষ উদ্যাপন

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০০:৩৯

ভারতের নয়াদিল্লির বাংলাদেশ মিশনের চ্যান্সরি ভবনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর উত্সব উদ্যাপিত হয়েছে। হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, হাইকমিশনার মোহাম্মদ ইমরান সহকর্মীদের সঙ্গে নিয়ে গতকাল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির শুরু করেন।

এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ করেন উপ-হাইকমিশনার এ টি এম রকেবুল হক, ফরিদ হোসেন (প্রেস মিনিস্টার), ইকোনমিক কাউন্সেলর রাশেদুল আমিন ও কাউন্সেলর শফিকুল আলম।

হাইকমিশনার বলেন, হাইকমিশন বঙ্গবন্ধুর স্মরণে আগামী ২৬ মার্চ জাতীয় ও স্বাধীনতা দিবসে একটি বই প্রকাশ করবে।