রাজবাড়ীতে নৌকার পক্ষে শতাধিক প্রতিবন্ধীর গণসংযোগ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলীর নৌকা মার্কার গণসংযোগে নেমেছে শতাধিক শারীরিক প্রতিবন্ধী। সোমবার ও মঙ্গলবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় তাদের গণসংযোগ করতে দেখা যায়।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডলের নির্দেশনায় ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আশরাফুল হোসেনের নেতৃত্বে গণসংযোগ করে প্রতিবন্ধীরা। দৌলতদিয়া বাজার, লঞ্চঘাট, ফেরিঘাট, দৌলতদিয়া টার্মিনাল, তেল পাম্প, সিদ্দিক কাজীর পাড়া, মজিদ শেখের পাড়া, ফেলু মোল্লার পাড়া এলাকায় কেউ হুইলচেয়ারে, আবার কেউ ভ্যানে বসে গণসংযোগে অংশগ্রহণ করে। গণসংযোগে দৌলতদিয়া ইউনিয়নের ছাত্রলীগের আহবায়ক মোঃ শামীম, সিদ্দিক কাজী, শাহজাহান মৃধা, আজিজুল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।