করোনার সাবধানতা হিসেবে সরকারি নির্দেশনা না মানায় এক প্রবাসীর বউভাত অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসন। একই সঙ্গে ফ্রান্সফেরত বরসহ পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার করাব গ্রামে।
মাসুক নামে এক প্রবাসী গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে আসেন। হযরত শাহজালাল বিমান বন্দরে তার দেহ পরীক্ষা করে করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। তারপরেও সরকারি নির্দেশনা অনুযায়ী ঐ সময় থেকে দুই সপ্তাহ পর্যন্ত তার বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু মাসুক স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গত সোমবার একই উপজেলার জিরুন্ডা গ্রামে বিয়ে করেন।
মঙ্গলবার দুপুরে মাসুক মিয়ার বাড়িতে ছিল বউভাত অনুষ্ঠান। করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামালের মাধ্যমে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পারে। লাখাই উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সঞ্চিতা কর্মকার জানান, বউভাতের অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো মেহমানকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সঙ্গে বর কনেসহ ঐ পরিবারের সদস্যদের আগামী ২৬ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিত্সককে দিয়ে প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানান ভারপ্রাপ্ত ইউএনও।
