কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবায় উত্সবমুখর পরিবেশে চলছে আওয়ামী লীগ প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হকের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। মন্ত্রী নিজেও প্রতিদিন মাইলের পর মাইল হাঁটছেন, জনগণের সঙ্গে কথা বলছেন, যোগ দিচ্ছেন পথসভায়। মন্ত্রীর প্রতিটি পথসভা পরিণত হচ্ছে জনসমুদ্রে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। তিনি বলেন, বিগত পাঁচ বছরে আমি আমার নির্বাচনী এলাকা পরিকল্পনার প্রায় ৯৮ ভাগ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আগামী পাঁচ বছরে এলাকার যে উন্নয়ন হবে কসবা-আখাউড়ায় ৫০ বছর আর উন্নয়ন করতে হবে না।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহ্বায়ক নাজমুল আলম খান বেদনের সঞ্চালনায় বিনাউটি ইউপি আওয়ামী লীগ সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মোঃ আজহারুল ইসলাম, রুহুল আমিন বকুল, কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল ও বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল হোসেন।
