ই ম রু ল নূ র
গত বছরে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ সিনেমায় অভিনয় করে তুমুল প্রশংসিত হন চিত্রনায়ক ইমন। শুধু দেশেই নয়, প্রশংসিত হয়েছেন দেশের বাইরেও। সেই ছবির সাফল্যের পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়ক। ছবির নাম ‘ব্লাড’। ছবিতে প্রথমবারের মতো ইমন জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে। এটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন।
চিত্রনায়ক ইমন বলেন, ‘পাসওয়াড’ ছবিটি করার পর আমি নিজেকে নতুন করে চিনেছি। সবার কাছ থেকে এতো প্রশংসা পেয়েছি যে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গেছে। অনেকদিন ধরেই নিজের মধ্যে একটু পরিবর্তন আনার চেষ্টা করছি। এই ছবিটা থেকে সাড়া পাওয়ার পর খুব বেছে কাজের সিদ্ধান্ত নিয়েছি। এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা হলের সংখ্যা দিন দিন কমে এসেছে। এই কথাটা শুনতে আসলেই ভালো লাগে না। আমি নায়ক হয়ে বিভিন্ন প্রযোজককে বলি সিনেমা প্রযোজনা করার জন্য। কারণ সিনেমাটাকে ভালোবাসি। এই একটা কাজই তো শিখেছি। কাজ করছি, করে যাব। হল বন্ধ হয়ে যদি শূন্যেও নেমে আসে তারপরও কাজ করে যাব—এই পণ করছি।’
তিনি আরও বলেন, ‘আমার অভিনয়ে একটু অসামঞ্জস্যতা আছে। কিন্তু এখন আমি নিজের অভিনয়ের দিকে গুরুত্ব দিচ্ছি প্রতিনিয়ত। নিজেকে আরও ইমপ্রোভ করার চেষ্টা করছি। এখন থেকে আবারও জিমে যাওয়া শুরু করেছি। নিজেকে নতুনভাবে প্রস্তুত করছি।’
নতুন সিনেমাটি নিয়ে ইমন বলেন, ‘ছবিটির নির্মাতা সুমন ভাই আমার খুব পছন্দের একজন মানুষ। ছবির গল্পটা অসাধারণ। আর মাহি ভীষণ সুইট একটা মেয়ে। ভালো কাজ করছে। আমার কাছে মনে হয় শাবানা ম্যাডাম যদি একটি প্রতিষ্ঠান হয় তাহলে আগামীতে সেই প্রতিষ্ঠানের একজন হবে এই মাহি। তার সঙ্গে কাজ করতে যাচ্ছি, আশা করি দর্শকরা একটা নতুন জুটিকে সাদরে গ্রহণ করবেন।’
এদিকে ইমন এখন ব্যস্ত রয়েছেন সৈকত নাসির পরিচালিত ‘আকবর’ সিনেমায়। এই ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি।
