মা হ মু দু ল আ মি ন
ছোটপর্দার এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন নাবিলা ইসলাম। মাসজুড়েই তার খণ্ড নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটকে ব্যস্ততা রয়েছে। পরিচালকদের তাকে নিয়ে কাজ করারও আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। যে কারণে কিছু কিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়েরও সুযোগ পাচ্ছেন তিনি। ঠিক তেমনি একটি চ্যালেঞ্জিং কাজ স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘জনক ৭১’। এই নাটকে তিনি ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে এক সময় সাজ্জাদকে মুক্তিযুদ্ধে যাবার জন্য মূলত নাবিলাই অনুপ্রেরণা যোগান। এই নাটকে নাবিলা ইসলাম সহশিল্পী হিসেবে পেয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খানকে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাবিলা ইসলাম বলেন, ‘আমার সৌভাগ্য যে কিছু ভালো ভালো গল্পে এখন কাজ করার সুযোগ পাচ্ছি। ভালো গল্পে ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে অভিনয়ে মেধা খাটিয়ে কাজ করার সুযোগ থাকে। ‘জনক ৭১’ আমার জন্য ঠিক তেমনি একটি কাজ। ধন্যবাদ পরিচালক জুবায়ের ইবনে বকর ভাইকে আমাকে এমন একটি চমত্কার গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। নাটকটিতে সহশিল্পী হিসেবে পেয়েছি কিংবদন্তী অভিনেতা শ্রদ্ধেয় তারিক আনাম খানকে। তার সঙ্গে অভিনয় করার প্রতিটি মুহূর্ত আমি ভীষণ উপভোগ করি। অনেক কিছুই শেখার সুযোগ থাকে তার সঙ্গে অভিনয় করার সময়টাতে। সত্যি বলতে কি, তিনি এমন অভিজ্ঞ একজন অভিনেতা তার কোনো কথা থেকে যে আমি, আমরা অভিজ্ঞতা অর্জন করি তা হয়তো তিনিই নিজেই জানেন না। তার মতো একজন অভিনয়ের ইনস্টিটিউশনের সঙ্গে অভিনয় করতে পারাটা সত্যিই সৌভাগ্যের বিষয়। আশা করছি ‘জনক ৭১’ দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠবে।’
স্বাধীনতা দিবসে নাটকটি আরটিভিতে প্রচার হবে। এরইমধ্যে নাবিলা ইসলাম নতুন কিছু ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। এগুলো হলো—মেহেদী হাসান মুকুলের ‘খুব পেইনে আছি’, সৈয়দ শাকিলের ‘ফান ফ্যাক্টরি ট্যুর’, বদরুল আনাম সৌদের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’, নজরুল ইসলাম রাজুর ‘বাকেরখানি’। এছাড়াও রূপক বিন রউফের ‘ইগো ভার্সেস লাভ’, ইমাম খানের ‘৪৯ দিনের সংসার’ খণ্ড নাটকের কাজ শেষ করেছেন।
