র ফি কু ল ই স লা ম
মিজানুর রহমান আরিয়ান ছোটপর্দার নন্দিত নাট্যকার ও নাট্যনির্দেশক। বিজ্ঞাপন নির্মাণেও এখন তিনি বেশ প্রশংসা কুড়াচ্ছেন। তারই নির্দেশনায় এবার প্রথমবারের মতো একসঙ্গে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন ছোটপর্দার নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার ও চিত্রনায়িকা পূজা চেরী। মেহেদীর বিজ্ঞাপনে বিগত দিনের গল্প বলার ইতিহাসকে বদলে দিয়ে নতুন ধরনের গল্প বলার ধরন নিয়ে ‘রাঙ্গাপরী মেহেদী’র বিজ্ঞাপন নির্মাণ করছেন মিজানুর রহমান আরিয়ান। বিজ্ঞাপনের গল্প ভাবনা তার নিজেরই। এই বিজ্ঞাপনেই মা মেয়ের ভূমিকায় মডেল হিসেবে অভিনয় করছেন দীপা খন্দকার ও পূজা চেরী। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজ সহ এর আশেপাশের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির প্রথম দিনের শুটিং সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপনে দীপা খন্দকার ও পূজা চেরীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি এমন একজন মডেলকে নিয়ে কাজ করতে চেয়েছি যাকে গল্প অনুযায়ী তার চরিত্র তুলে ধরার জন্য প্রয়োজনে ১৪ বছরের আবার, প্রয়োজনে ২২ বছরের মেয়ের চরিত্র যেন দেখাতে পারি। যে কারণে পূজার বিকল্প কাউকেই ভাবিনি আমি। অনুরূপভাবে দীপা আপার ক্ষেত্রেও ঠিক তাই। এই বিজ্ঞাপনটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এর আগে আরিয়ানের নির্দেশনায় মিউজিক ভিডিও, নাটকে অভিনয় করেছি। এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করা। আরিয়ানের কাজ আমার ভীষণ পছন্দের। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এই বিজ্ঞাপনে তার গল্প ভাবনাটা এক কথায় অসাধারণ। আর পূজার সঙ্গে আমার প্রথম কাজ। এককথায় ওয়ান্ডারফুল কো-আর্টিস্ট। তার বয়স অনুযায়ী কাজের ব্যাপারে সে ভীষণ ম্যাচিউরড একজন শিল্পী। আমি মুগ্ধ। সেইসঙ্গে আমাদের রসায়ন দর্শক টিভি পর্দায় দারুণ উপভোগ করবেন আশা করি।’
পূজা চেরী বলেন, ‘আরিয়ান ভাইয়ের বহুল আলোচিত নাটক বড় ছেলে দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন—কেন বিজ্ঞাপন করি না। ভালো গল্প পাইনি বলে করা হয়নি। আরিয়ান ভাইয়ের এই বিজ্ঞাপনের গল্প ভীষণ ভালো লেগেছে। তাই কাজটি ভীষণ মনোযোগ দিয়ে করেছি। দীপা আপুর সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। তিনি ভীষণ মিশুক প্রকৃতির এবং আন্তরিক। আরিয়ান ভাইয়ের এই কাজটি নিয়ে আমি এবং আমার মা খুবই আশাবাদী।’
চলতি মাসেই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।
