সো হা ন ই স লা ম
মিউজিক ভিডিও মাধ্যমেই আলোচনায় এসেছেন শাকিলা পারভীন। নাটকেও অভিনয় করেছেন তিনি। তবে এবারই প্রথম তিনি সিনেমায় অভিনয় করেছেন। দীপংকর দীপনের নির্মাণ চলতি আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’-এ অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে সুন্দরবনে কয়েকটি লটে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সিনেমাটিতে শাকিলা পারভীন জুনিয়র টাইগার রিসার্চার সুমী চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে অভিনয় করা নিয়ে দারুণ উচ্ছসিত শাকিলা পারভীন। এ প্রসঙ্গে শাকিলা বলেন, ‘প্রথম সিনেমা আমার অপারেশন সুন্দরবন। আমার সৌভাগ্য যে এই সিনেমায় আমি অনেক গুণী শিল্পীদের সঙ্গে যেমন রাইসুল ইসলাম আসাদ ভাই, রিয়াজ ভাই, আরমান পারভেজ মুরাদ ভাই, রওনক ভাই, তাসকিন ভাই, সিয়াম ভাই সহ আরো অনেকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এতো গুণী শিল্পীদের সঙ্গে আসলে এর আগে আমার কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। যেহেতু এটা আমার প্রথম সিনেমা, তাই আমারও নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগ আর চেষ্টা ছিল। আমি কৃতজ্ঞ সিনেমার পরিচালক দীপংকর দীপন দাদার কাছে। তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সত্যি বলতে কি পুরো টিমই আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। দীপংকর দীপন দাদার প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ হলে গিয়ে দেখেছি। সিনেমাটি দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমার বিশ্বাস ‘অপারেশন সুন্দরবন’ আরো বেশি আলোড়ন সৃষ্টি করবে।’ এদিকে নাসিরুদ্দিন মাসুদের নির্দেশনায় আগামী ঈদের জন্য ‘বন্ধু বেঈমান’ নাটকের কাজ শেষ করেছেন শাকিলা পারভীন। এতে তার বিপরীতে আছেন মীর সাব্বির। এর আগেও শাকিলা পারভীন যখন প্রথম নাটকে অভিনয় করেন তখন তিনি মীর সাব্বিরের বিপরীতেই অভিনয় করেছিলেন। শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন মাহাদির গাওয়া গান ‘তোর মন পাড়ায়’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে। এটি এখন পর্যন্ত সাত কোটি ৩৪ লক্ষ ভিউয়ার্স উপভোগ করেছেন। এছাড়াও শাকিলার মডেল হওয়া গান মেরাজ তুষারের ‘মেয়ে তুই ভালো না’ গানটিতেও মডেল হিসেবে বেশ সাড়া ফেলেছেন। এই গানটি এখন পর্যন্ত দুই কোটির বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। শাকিলা অভিনীত প্রথম নাটক ‘সেকেন্ড হাজব্যান্ড’। সাদাতের নির্দেশনায় ‘তথ্য আপা’ তথ্যচিত্রে তথ্য আপা চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন শাকিলা পারভীন। বেলাল খানের দর্শকপ্রিয় গান ‘আবার বাজি’-তেও মডেল হয়েছেন শাকিলা পারভীন।
