নাট্যাঙ্গনও থমকে গেল!

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৮:১৫

বিনোদন রিপোর্ট

 

করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশের সব প্রেক্ষাগৃহে তালা ঝুলছে। সেইসঙ্গে বন্ধ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতিও। শিল্পকলার ৩টি হল জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত নাটক মঞ্চস্থ হবে না।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ বলেন, ‘সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ মার্চ থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সব ধরনের মঞ্চনাটক, সেমিনার ও অন্যান্য অনুষ্ঠান। তবে ২০ মার্চ হল বরাদ্দ নিয়ে আমাদের বৈঠক আছে। বৈঠকে পরের মাসে নাটক মঞ্চায়নের জন্য হল ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রায় সবগুলো দল জেনে গেছে খবরটি।’

বিষয়টি প্রসঙ্গে নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘এ সিদ্ধান্তে কারও হাত নেই। সবারই জীবনের প্রতি একটা মায়া আছে। তাই সচেতনতা প্রয়োজন। তার জন্যই এমন সিদ্ধান্ত। এটাকে মেনে নিতেই হবে। আমি মনে করি এটি ভালো উদ্যোগ। পরিস্থিতি ঠিক হয়ে গেলে নাট্যাঙ্গন আবারও আগের মতো সচল হবে। আমি আশাবাদী।’

উল্লেখ্য, শিল্পকলা একাডেমির ৩টি হল ও মহিলা সমিতিতে চলতি মাসের নাটক মঞ্চায়নের জন্য আগে থেকেই হল ভাড়া দেওয়া হয়েছিল। অবশ্য ১ মাস আগে থেকেই হল ভাড়া নিতে হয়। তবে নতুন সিদ্ধান্তের পর যেসব নাটক এ মাসে মঞ্চায়নের কথা ছিল, তা গতকাল থেকে আর মঞ্চায়ন হচ্ছে  না। থমকে আছে পুরো নাট্যাঙ্গনও।