মায়ের ভাষায় মুস্তাফিজের আস্থা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২০:৫৬

সাতক্ষীরার গ্রামীণ জনপদ থেকে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাঁচ বছর কেটে গেছে। মুস্তাফিজ এখনো আগের মতোই আছেন। বিশেষ করে কথা বলায়। আন্তর্জাতিক ক্রিকেটার হলেও অন্য সবার মতো ইংরেজি ভাষায় কথা বলতে পারঙ্গম নন বাঁহাতি এই পেসার। তার সঙ্গে কথা বলতে দোভাষী রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ, সাসেক্স।

মায়ের শেখানো বাংলা ভাষাতেই স্বাচ্ছন্দ্য মুস্তাফিজ। ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে চান না। সমসাময়িক ক্রিকেটাররা ইংরেজি বলতে জানে, কিন্তু আপনি এখনো পারেন না, নাকি শিখতে চান না—প্রশ্ন করলে গতকাল কাটার মাস্টার খ্যাত এই পেসার বলেছেন, ‘আমি যেভাবে আছি সেভাবে থাকতে ভালোবাসি। কারা কী করে। বাংলায় কথা বলতে ভালো লাগে। এইটা আমার মা শিখাইছে ভাই।’