এবার পেছাল ফরাসি ওপেন

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২০:৫৭

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের ভয়ে ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে গেল। এটি ২৪ মে থেকে ৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভাইরাসটি বৈশ্বিক মহামারির আকার ধারণ করায় বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্টটি এখন সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে অনুষ্ঠিত হবে।

এর মানে পরিবর্তিত সূচি অনুযায়ী ফ্রেঞ্চ ওপেনটি শুরু হবে ইউএস ওপেন শেষ হওয়ার এক সপ্তাহ পরে। অথচ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের পরই এটি অনুষ্ঠিত হতো। এখন ক্লে কোর্টের মৌসুম সমাপনী এই টুর্নামেন্টটি হতে যাচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম। বর্তমানে টেনিসের সকল পেশাদার কার্যক্রম ২০ এপ্রিল পর্যন্ত স্থগিত আছে।

ফ্রান্সের টেনিস ফেডারেশন জানায় ‘টুর্নামেন্টটির প্রস্তুতির সাথে জড়িত সকলের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে’ নতুন দিনক্ষণ ঠিক করা হয়েছে। ফেডারেশনটি এও জানায় যে ১৮ মে ফ্রেঞ্চ ওপেনের বাছাই পর্ব শুরুর দিন বর্তমান পরিস্থিতি কি দাঁড়াবে বর্তমান সময়ে কেউই তা অনুমান করতে পারছে না। কিন্তু ইতিমধ্যে ভাইরাসটিকে ঠেকাতে যেসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে এর জন্য প্রস্তুতি নেওয়া অসম্ভব। একই কারণে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এটি আয়োজন করাও সম্ভব নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশনও জানিয়েছে ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে দেওয়ার পর তারাও নিউইয়র্কে অনুষ্ঠেয় ইউএস ওপেন আরো পরে অনুষ্ঠানের কথা ভেবে দেখছে। ইউএস ওপেন ৩১ আগস্ট শুরু হওয়ার কথা।

ফরাসি টেনিস ফেডারেশনের এমন সিদ্ধান্তের পর গতকাল বুধবার অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবও জানিয়েছে তারা উইম্বলডন আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরো একমাস অপেক্ষা করবে। অবশ্য উইম্বলডনের সংগঠকরা জানিয়েছেন তারা এখনো পূর্ব সূচি অনুযায়ী টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করছেন।

উইম্বলডন সাধারণত ২৯ জুন শুরু হয়ে ১২ জুলাই শেষ হয়। আয়োজকরা উইম্বলডন আসর পেছানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিলেও ইউরোপে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় বর্তমানে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের জাদুঘর, দোকানপাট ও কমিউনিটি স্পোর্টস গ্রাউন্ড বন্ধ রেখেছে।