কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, গণগ্রেফতার, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ইত্যাদিসহ নানা অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা নির্বাচনী কার্যালয়ে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমস্ত অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নির্বাচনী প্রচারণার কাজ শুরু করার পর থেকেই আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর সদস্যরা কিশোরগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান করছে। ইতোমধ্যে হোসেনপুর বাজার, যশোদল, বিন্নাটিসহ বিভিন্ন স্থানে হামলার শিকার হয়ে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। কয়েক স্থানে নির্বাচনী প্যান্ডেল ভাঙচুর ও মাইক খুলে নিয়ে সভা পণ্ড করে দেওয়া হয়েছে। গত ২১ ডিসেম্বর জেলা শহরের একরামপুর এলাকায় লিফলেট বিতরণের সময় চারজন কর্মীকে গ্রেফতার করা হয়। তাছাড়াও গত কয়েকদিনে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুল আমিন উজ্জলসহ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল আহমদ, বিএনপি নেতা অসীম সরকার বাঁধন, মাসুদুল হাসান, মেসবাহঊদ্দিন শামীম প্রমুখ। সংবাদ সম্মেলনে প্রার্থী মোঃ রেজাউল করিম খান চুন্নু একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
