হোম কোয়ারেন্টাইনের নির্দেশ অমান্য
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
সরকারের নির্দেশনা না মেনে অবাধে ঘুরাফেরা করায় ভৈরব উপজেলা প্রসাশন ছয় প্রবাসীকে আটকের পর আইসোলেশন সেন্টারে ভর্তি করেছে। পৌর শহরের কমলপুর ও কালিপুর থেকে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ইতালি প্রবাসী। জানা গেছে, গেল এক সপ্তাহে বিদেশ ফেরত ৯৬ জন প্রবাসীকে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে ‘হোম কোয়ারেন্টাইনে’ অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়। তারা সবাই মধ্যপ্রাচের দেশ বা করোনায় আক্রান্ত ইতালিসহ সৌদি আরব, বাহরাইন ও কুয়েত থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে ইতালি ফেরত প্রবাসীর সংখ্যা বেশি। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ‘হোম কোয়ারেন্টাইনে’ অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশনা অমান্য করে তারা অবাধ চলাফেরা করায় অভিযানে নামে উপজেলা প্রসাশন। উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজান বলেন, ‘হোম কোয়ারেন্টাইনে’ অবস্থান করা প্রবাসীরা সরকারের নির্দেশনা অমান্য করায় অভিযান শুরু হয়েছে। বিদেশ ফেরত সবাইকে আইসোলেশন সেন্টারে ভর্তি হতে হবে।
