করোনা সন্দেহে একজনের ভর্তির খবরে আতঙ্কে হাসপাতাল ছেড়েছে অন্য রোগীরা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২১:১০

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এমন খবর ছড়ালে আতঙ্কে ভর্তিকৃত সব রোগী হাসপাতাল থেকে চলে যায়। এতে সোমবার রাত থেকে হাসপাতালটি রোগীশূন্য অবস্থায় রয়েছে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুরের ইতালি ফেরত এক ব্যক্তিকে (৩৮) কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। তার শরীরের লক্ষণ দেখে করোনা ভাইরাস বলে সন্দেহ হলে তাকে ভর্তি করা হয় ও তার রক্তের নমুনা সংগ্রহ করে মহাখালীস্থ আইইডিসিআরএ পাঠানো হয়। এ পর্যন্ত রিপোর্ট আসেনি। এ কথা ছড়িয়ে পড়লে হাসপাতালে ভর্তি থাকা সমস্ত রোগী নিজ নিজ উদ্যোগে হাসপাতাল ত্যাগ করে। এর পর থেকে তার পরিবারের সকল সদস্যকে সেলফ কেয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া উপজেলার গোপালপুর ও তুলাচারা গ্রামের ২৩ জনকে সেলফ কেয়ারেন্টাইনে রাখা হয়ে। তিনি আরো জানান, হাসপাতালে ৫ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ১৮ মার্চ থেকে শুরু হওয়া হাম- রুবেলা ভাইরাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে।