করোনা প্রতিরোধে ঝিনাইদহে সাত স্থানে হাত ধোয়ার ব্যবস্থা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২১:১১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধ ও আসন্ন রমজানে শ্রমিক-পথচারীদের হাত ধোয়া ও সুপেয় পানি সরবরাহের জন্য ঝিনাইদহে স্থাপন করা হচ্ছে সাতটি গভীর নলকূপ। সেই সঙ্গে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে শহরের পায়রা চত্বরে প্রথম হাত ধোয়া স্থানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এ সময় পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, করোনা ভাইরাস প্রতিরোধে রিকশা-ভ্যান শ্রমিক, পথচারীদের সাবান দিয়ে হাত ধোয়া ও আসন্ন রমজানে রোজাদারকে সুপেয় পানি সরবরাহ করার জন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহরের পায়রা চত্বর, বাসটার্মিনাল, শহিদ মিনার চত্বর, আরাপপুর, হামদো, হাটখোলা ও জেলা প্রশাসক অফিস চত্বর প্রাঙ্গণে হাত ধোয়ার স্থান নির্ধারণ করা হবে। গভীর নলকূপ স্থাপন করা হবে। ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে সরবরাহ করা হবে সাবান। মূলত পথচারী-শ্রমিকদের সচেতন করে তুলতেই এ কর্মসূচি বলে জানান তিনি।