বশেমুরবিপ্রবির হল ছাড়ার নির্দেশ
বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
কেউ বাসে, কেউ ট্রেনে উপচে পড়া ভিড়ের মধ্যে করোনার ঝুঁকি নিয়ে বাসায় ফিরছেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা। এমন চিত্র দেখা যায় গোপালগঞ্জের বাস ও রেল স্টেশনগুলোতে। বুধবার সকাল ১০টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ থাকায় বাধ্য হয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের জনসমাগমের মাঝেই বাসায় ফিরতে বাধ্য হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মোহসিন আহমেদ বলেন, প্রশাসনের নির্দেশে আমাদের হল ছাড়তে হয়েছে। তাই বাধ্য হয়ে করোনা ভাইরাসের ঝুঁকি থাকলেও জনসমাগমের মধ্য দিয়েই সকলকে বাসায় ফিরতে হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা এবং শিক্ষার্থীদের বাড়ি ফিরে নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের একটি বড়ো অংশ এদিন বাসায় ফেরার কারণে একটু বেশি ভিড় হয়েছে।
