জেলায় বিদেশফেরত ৩৮০০
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ৩ হাজার ৮৩৫ জন বিদেশফেরত যাত্রীর তালিকা নিয়ে মাঠে নেমেছে স্বাস্থ্য বিভাগ। যাদের স্ব-উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা সে নির্দেশ মানছেন না। গত ৩ মার্চ হতে ১৫ মার্চ পর্যন্ত এরা বিদেশ থেকে এসেছেন যাদের বেশির ভাগই ভারত থেকে দেশে এসেছেন। গত মঙ্গলবার রাতে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ইমিগ্রেশন পুলিশের তরফ থেকে ফরিদপুরের স্বাস্থ্য অধিদপ্তরের নিকট এ তালিকা সরবরাহ করা হয়েছে। এদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে। জেলা প্রশাসক জানান, ফরিদপুরে এখন পর্যন্ত ১১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে বুধবার সকালে যোগাযোগ করা হলে সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ২০ জন বিদেশফেরত যাত্রী স্ব-উদ্যোগী হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। যারা সকলেই নিজ উদ্যোগেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
