মহাজোট প্রার্থীর সঙ্গে লড়াই হবে স্বাধীনতা বিরোধী তকমা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:১১

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসন

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া-৩ আসনে মোট আটজন প্রার্থী থাকলেও মূলত ভোটের লড়াই হবে ধানের শীষের প্রার্থীর সঙ্গে মহাজোট জাপার প্রার্থীর। এই আসনটিতে একটি মার্কার প্রতি মানুষ খুব দুর্বল বলে সচেতন ভোটাররা মনে করেন। মার্কার কারণেই বার বার এই আসন থেকে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। তবে এই আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী নিয়ে দ্বিধাবিভক্ত এলাকার ভোটাররা।

আইনী জটিলতায় শেষ পর্যন্ত এই আসনে ধানের শীষের প্রার্থী করা হয়েছে এই আসন থেকে বিগত দিনে পরপর চারবার বিএনপি থেকে বিজয়ী সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার স্ত্রী মাছুদা মোমিনকে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার খোকা বর্তমানে পলাতক রয়েছে। মুক্তিযুদ্ধের সময় আব্দুল মোমিন তালুকদার রাজাকার কমান্ডার ছিলেন। তার স্ত্রীকে শেষ পর্যন্ত প্রার্থী করায় বিএনপির মধ্যেই দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে দলের নেতা-কর্মীরা। আর এই ইস্যুটিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ও মহাজোটের নেতা-কর্মী ও সমর্থক ভোটের মাঠে প্রচার করছেন। এর ফলে ভালো অবস্থানে রয়েছে মহাজোটের জাপার প্রার্থী নুরুল ইসলাম তালুকদার। ভোটের ময়দানে নুরুল ইসলাম তালুকদার প্রতীক বরাদ্দের পর থেকেই জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর বিএনপির প্রার্থী ঠিক হয়েছে ২৫ ডিসেম্বর। সেই দিনই ধানের শীষের প্রার্থী মাঠে নেমেছে।  

তবে সাধারণ ভোটাররা বলছেন এবার মার্কা নয় লোক দেখে ভোট দেবো। মহাজোট প্রার্থী তাদের সঙ্গে সুখে-দুখে ছিলেন।  আমরা রাজাকার পরিবারকে ভোট দিতে চাই না।

বগুড়া-৩ আসনে আরও প্রার্থী হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন, ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. আব্দুল কাদের জিলানী, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মজিদ, মো. নজরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মো. লিয়াকত আলী, ইসলামী আন্দোলনের মো. শাহজাহান আলী তালুকদার।