সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
হোম কোয়ারেন্টাইনে না থাকায় সিঙ্গাপুর ফেরত এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে। বুধবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ঐ প্রবাসী কোনোভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হচ্ছিলেন না। পরে তাকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাকে একটি ঘরে একাই থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের তিন দিনে তিন জনকে জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সরকারি নির্দেশনা না মানায় মানিকগঞ্জে গত তিন দিনে তিন জনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থাকার গত রবিবার, সোমবার ও মঙ্গলবার এসব অর্থদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইরিন আক্তার এক অস্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এর আগে সোমবার সন্ধ্যা সাটুরিয়ায় এক ইরাক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশরাফুল আলম।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, সরকারি নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে তিন জনকে জরিমানা করা হয়েছে।
কুষ্টিয়ায় একজনকে জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি জানান, হোম কোয়ারেন্টাইন না মানায় ভেড়ামারা উপজেলায় ওমানফেরত একজনকে (৩৮) ৫ হাজার টাকা জরিমানা ও বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ এ অর্থদণ্ড প্রদান করেন। ইউএনও সোহেল মারুফ জানান, সংক্রামক রোগ বিস্তার প্রতিরোধ আইন লঙ্ঘনের দায়ে দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক বিদেশফেরত ব্যক্তিকে অর্থদণ্ডসহ বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
ভেড়ামারায় একজনকে জরিমানা
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, হোম কোয়ারেন্টাইন না মানায় ওমান ফেরত একজনকে (৩৫) ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল মারুফ।
কালকিনিতে দুই জনকে জরিমানা
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় স্পেন ও ইতালি ফেরত দুই প্রবাসীকে মোট ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত স্পেন ফেরত প্রবাসীকে ২০ ও ইতালি ফেরত প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
