করোনায় আক্রান্ত সন্দেহে একজন হাসপাতালে ভর্তি
বরিশাল অফিস করোনা আক্রান্ত সন্দেহে ভোলার এক ব্যক্তিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মঙ্গলবার রাতে হাসপাতালের বর্ধিত ভবনে স্থাপিত নতুন করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। করোনার বিষয়টি নিশ্চিত হতে তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন চিকিত্সক। জানা যায়, পেশায় কাভার্ডভ্যান চালক ঐ ব্যক্তিকে বিকালে শের-ই বাংলা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা। তার স্ত্রী জানান, গত পাঁচ দিন ধরে তার স্বামী জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ঐ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তালায় জেলা সীমানা গেট উদ্বোধন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংবলিত সাতক্ষীরা জেলা সীমানা গেট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে তালা উপজেলা সীমান্তবর্তী ১৮ মাইল এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে জেলা সীমানা গেট উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
পথশিশু-কিশোরদের নিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালিত
শিবপুর (নরসিংদী) সংবাদদাতা শিবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে মঙ্গলবার। জন্মদিন অনুষ্ঠানে পথশিশু-কিশোর ও তাদের পরিবারের সদস্যদের ১০০ মোমবাতি, ১০০ মাথার কেপ, ১০০ বেলুন, ১০০ চকলেট বিতরণ করা হয়। উপজেলা বঙ্গবন্ধু পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল বাতেন মাস্টার।
কুমুদিনী কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশেষ আয়োজন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে মঙ্গলবার বিশেষ আয়োজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজ এবং ভারতেশ্বরী হোমস দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক সভা
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে বুধবার করোনা ভাইসার সম্পর্কে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। আছমত আলী কান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস।
কোটালীপাড়ায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় একদিনে দুটি ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শুয়াগ্রাম বাজারে শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। একই দিনে উপজেলার ধারাবাশাইল বাজারে কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়।
প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি ক্যাম্পের উদ্বোধন
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে সার্বক্ষণিক প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কেন্দ্রে সাত দিনেই ২৪ ঘণ্টা সেবা প্রদানের লক্ষ্যে নরমাল ডেলিভারি সুবিধা প্রদানসহ অন্যান্য চিকিত্সা সেবা প্রদান করা হবে। বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
হতদরিদ্রদের বাছুর বিতরণ
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বক্না বাছুর বিতরণ করা হয়। বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম এ আব্দুল খালেক সরকারের সভাপতিত্বে হতদরিদ্র ১০০ নারীর মাঝে বকনা বাছুর বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
মদসহ এক জন গ্রেফতার
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় মঙ্গলবার রাতে দেশীয় তৈরি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের পরিমল দাসের বাড়িতে অভিযান চালিয়ে তিন লিটার দেশীয় তৈরি মদসহ তার ছেলে মাদক বিক্রেতা অমল দাসকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে এসআই তৈয়বুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ভিক্ষুক পুনর্বাসনে কর্মসংস্থান উপকরণ বিতরণ
নাটোর প্রতিনিধি নাটোরে বুধবার ভিক্ষুকদের মাঝে কর্মসংস্থানের উপকরণ বিতরণ করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার। ‘স্বাবলম্বী’ নামে এই কর্মসূচির আওতায় নাটোর পৌরসভা ও নাটোর সদর উপজেলার ভিক্ষুকদের মাঝে কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। নাটোর পৌরসভা ও নাটোর সদর উপজেলার ১০ জন ভিক্ষুকের মাঝে একটি করে দোকানঘরের চাবি ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে জেলার পাঁচটি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষককের হাতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্যে পাঁচটি স্কুলভ্যানের চাবি হস্তান্তর করা হয়।
সৈয়দপুরে চার জন হোম কোয়ারেন্টাইনে
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, উপজেলায় বিদেশফেরত চার জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এদের শরীরে এখনো করোনা ভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
চাটমোহরে দেওয়াল পত্রিকা উন্মোচন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বুধবার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বঙ্গবন্ধু গ্যালারিতে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হয়েছে। দেওয়াল পত্রিকা উন্মোচন করেন পত্রিকার সম্পাদক, প্রকাশক বোঁথর আদর্শ ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।
বড়াইগ্রামে মানবতার দেওয়াল উদ্বোধন
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে মানবতার দেওয়াল স্থাপন ও দৃষ্টিনন্দন মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মেয়র অধ্যাপক কে এম জাকির হোসেনের সভাপতিত্বে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসেবে এসব উদ্বোধন করেন।
ধর্মসভা ও অষ্টকালীন লীলাকীর্তন স্থগিত
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা করোনা ভাইরাসের ঝুঁকিতে ডিমলায় কেন্দ্রীয় ঐতিহ্যবাহী মহাশ্মশান পীঠধামে আগামী ২১ ও ২২ মার্চের নির্ধারিত মধুকৃষ্ণা ত্রয়োদশী মহাবারুনী স্নান উপলক্ষ্যে সনাতন ধর্মসভা ও অষ্টকালীন লীলাকীর্তন স্থগিত করা হয়েছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, ডিমলা কেন্দ্রীয় ঐতিহ্যবাহী মহাশ্মশান পীঠধামের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আগামী ২১ ও ২২ মার্চের নির্ধারিত তারিখের সনাতন ধর্মসভা ও অষ্টকালীন লীলাকীর্তন স্থগিত করা হয়েছে।
করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ভেড়ামারা উপজেলার সর্বত্র বুধবার বাংলাদেশ স্কাউটস ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম প্রচার চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আক্তারুজ্জামান মিঠু প্রমুখ।
০
