করোনার কারণে শেয়ারবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা কমল

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২১:৩৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের কারণে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে দুপুর দেড়টা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। গতকাল বুধবার বিকালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (আজ) থেকে শেয়ারবাজারে লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। এর আগে বুধবার বিকাল সাড়ে ৪টায় চলমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। ডিএসইর পর্ষদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, সম্প্রতি বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে গত দুই সপ্তাহ ধরে পুঁজিবাজারে তীব্র দরপতন হচ্ছে। এরই মধ্যে ডিএসইএক্স ইনডেক্স সাত বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। আতঙ্কিত বিনিয়োগকারীরা যে কোনো দামে শেয়ার বেচে দিচ্ছেন। এমন অবস্থায় করণীয় ঠিক করতে বুধবারের মিটিংয়ের আহ্বান করা হয়েছিল।