খুলনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিয়েফ সুনাম দীপ (৩০) নামে এক ডিজিএফআই কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় তার বন্ধু এস এম ফাহাদ (৩০) আহত হয়েছেন। বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঠালতলা বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিয়েফ সুনাম দীপ খুলনা মহানগরীর ময়লাপোতা ডালমিল মোড় এলাকার কাজী গোলাম মোর্তজার ছেলে। তিনি ঢাকায় ডিজিএফআইয়ের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।
তারিয়েফ সুনাম দীপের বন্ধু আহত এস এম ফাহাদ জানান, বুধবার সকালে একটি মোটরসাইকেলে (খুলনা মেট্রো ন-১১-৮৭৬৬) তারিয়েফ সুনাম দীপ ও তিনি (এস এম ফাহাদ) যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়নায় প্রত্নতত্ত্ব নিদর্শন ‘ভরতের দেউল’ দেখতে যান। ভরতের দেউল দেখে তারা খুলনার উদ্দেশে রওনা করেন। এসময় দ্রুতগামী মোটরসাইকেলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঠালতলা বিশ্বাস বাড়ির সামনে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীতগামী আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক তারিয়েফ সুনাম দীপ নিহত ও তিনি মোটরসাইকেল থেকে রাস্তার বাইরে দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরো পড়ুন: ‘নারী গণিত অলিম্পিয়াডে’ প্রথম হওয়া স্বর্ণার গল্প
পুলিশ জানায়, খবর পেয়ে চুকনগর হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ হতাহতের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ‘ঘাতক ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাকের চালক ও হেলপারকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
ইত্তেফাক/এএএম
