সারাদেশে পর্যটনে নিষেধাজ্ঞা

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০০:২৮

করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার ভয়ে স্কুল কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এই অবসরে অনেকেই ভ্রমণের জন্য সপরিবারে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। করোনা ভাইরাস যেন ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। গতকাল থেকে প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন, পতেঙ্গা সমুদ্র সৈকতসহ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, বান্দরবানের নীলগিরি, নীলাচল, কাপ্তাই, সিলেটের জাফলং, বিছানাকান্দি, রাঙ্গামাটির সাজেক ভ্যালি, ময়নামতি, মহাস্থানগড়সহ দেশের সব পর্যটন এলাকা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যারা ঘুরতে বেরিয়েছেন তাদের নিজ গৃহে ফিরে যাওয়ার জন্য স্ব স্ব জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের মধ্যে পর্যটনকেন্দ্রে মানুষের ভিড় করার ছবি গত কয়েক দিন ধরে সোস্যাল মিডিয়ায় ভাসছে। ভ্রমণকেন্দ্রে এ ধরনের জমায়েত মরণঘাতী ভাইরাসটির সংক্রমণ আরো বাড়িয়ে দেওয়ার ঝুঁকি রয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের একজন                 কর্মকর্তা বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে শিক্ষার্থীদের নিরাপদে ঘরে অবস্থানের জন্য, অথচ তারা পরিবার পরিজনের সঙ্গে কিংবা বন্ধু-বান্ধব মিলে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছে, জমায়েত ঘটাচ্ছে যা এই ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে ভয়ংকর ভূমিকা রাখতে পারে। ফলে পর্যটনকেন্দ্রে জমায়েত বা ভ্রমণ বন্ধ করা হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফখরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইতিমধ্যে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের আমরা এ বিষয়ে অবহিত করছি। জনস্বার্থে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। তিনি বলেন, ইতিমধ্যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সৈকতে মাইকিং করা শুরু হয়েছে। এতে করোনার ঝুঁকি সম্পর্কে জানানো হচ্ছে। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা গতকাল রাতে জানান, ইতিমধ্যে কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্টহাউজে সভা-সমাবেশ, যেসব প্রোগ্রামে জনসমাগম হয় এ ধরনের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৈকতসহ বিভিন্ন পাবলিক প্লেসে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম জানান, সিলেটের সব পর্যটনকেন্দ্রে পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দিয়েছি, যাতে পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম না হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, রাঙ্গামাটি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত কয়েক দিনে রাঙ্গামাটিতে বিদেশফেরত ছয় জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা মোকাবিলায় রাঙ্গামাটি সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনে ৫০ শয্যা, জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রে ৫০ শয্যা এবং কাপ্তাই উপজেলায় ৫০ শয্যার নতুন হাসপাতাল রাখা হয়েছে।  খাগড়াছড়ি জেলা প্রশাসন প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার স্বার্থে খাগড়াছড়িতে দেশি-বিদেশি পর্যটকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি বলেন, করোনা ভাইরাস যেহেতু সংক্রামক তাই দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এই সময়ে যাতে পর্যটকরা খাগড়াছড়িতে না আসে।

সিএমপি কমিশনার মাহবুবুর রহমান জানিয়েছেন, বিকাল থেকে পতেঙ্গা সৈকতে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্পল বড়ুয়া বলেন, জনসমাগম যাতে না হয়, সেজন্য পতেঙ্গা ও নেভাল পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করোনা ভাইরাস মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, করোনা সংক্রমণ ঠেকাতে দেশের অন্যতম বৃহত্তম বিনোদন কেন্দ্র গাজীপুরের ইন্দ্রপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি পার্কটি পরিদর্শন করে এ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী ও পার্কটির প্রকল্প পরিচালক জাহিদুল কবির।

গতকাল বুধবার রাত ৯টার পর থেকে খাগড়াছড়ির সব পর্যটন স্পটে দেশি-বিদেশি সব পর্যটক ও জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, সবকয়টি পর্যটন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল সকাল থেকে জনসমাগমে বাধা প্রদানসহ পর্যটক ও পর্যটন স্পটগুলোর নিয়ন্ত্রণে কড়াকড়ি নিষেধাজ্ঞা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।